চুরি যাওয়া ১৯ মেট্রিক টন TMT বারসহ লরি উদ্ধার — হাওড়া (গ্রামীণ) পুলিশের বড় সাফল্য
অতসী মণ্ডল,
নতুন পয়গাম, উলুবেড়িয়া:
দ্রুত পদক্ষেপে বড় সাফল্য পেল হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশ। উলুবেড়িয়া থানা এলাকার চুরি যাওয়া একটি মালবাহী লরি উদ্ধার করেছে তারা। সঙ্গে মিলেছে প্রায় ১৯ মেট্রিক টন TMT বার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর ২০২৫ সালে কোচবিহারের দিনহাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিল লরিটি। পথে অজ্ঞাত এক চক্র সেটি চুরি করে নিয়ে যায়। এরপর ২৫ সেপ্টেম্বর উলুবেড়িয়া থানায় লরিচুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয়।
উলুবেড়িয়া থানার একটি বিশেষ তদন্তকারী দল, জেলা পুলিশের SOG সেল-এর সহযোগিতায় একাধিক জেলায় ধারাবাহিক অভিযান চালায়। অবশেষে পুলিশের তৎপরতায় ইলামবাজার থানা এলাকা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া লরি ও সম্পূর্ণ পণ্য—সবই অক্ষত অবস্থায়।
পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলে জানিয়েছে হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশ।








