জেট গতিতে বাড়ছে সাইবার ক্রাইম, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
নতুন পয়গাম, নয়াদিল্লি:
দেশজুড়ে জেট গতিতে বাড়ছে সাইবার ক্রাইম বা অনলাইন প্রতারণা। দেশের শীর্ষ আদালতের নথি জাল করে ডিজিটাল অ্যারেস্ট ও সেই ফাঁদে পা দিয়ে মানুষের সর্বস্বান্ত হওয়ার ঘটনা ঘটছে অহরহ। শুক্রবার এক পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বলেছে, নিম্ন আদালত কিংবা হাইকোর্টের নির্দেশ, বিচারকদের সই জাল করা হচ্ছে ডিজিটাল অ্যারেস্টের জন্য আমরা উদ্বিগ্ন। কারণ, এর ফলে বিচার বিভাগের উপর মানুষের আস্থা হু হু করে কমছে। এবিষয়ে কেন্দ্র সরকার এবং সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত।
দিন দুয়েক আগে এক রিপোর্টে জানা যায়, ডিজিটাল বা সাইবার ক্রাইম সবথেকে বেশি বাড়ছে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে। গুজরাটে এই প্রবণতা বেড়েছে কয়েকশো গুন। সম্প্রতি হরিয়ানার আম্বালার এক প্রবীণ দম্পতি ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দিয়ে এক কোটিরও বেশি টাকা খুইয়েছেন। সুপ্রিম কোর্টের নথি জাল করে তাঁদের ধোঁকা দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি বিআর গাভাইকে চিঠি লিখে বিষয়টি জানান ৭৩ বছরের বৃদ্ধা। তারপর স্বতঃপ্রণোদিত মামলা করে শীর্ষ আদালত। এদিন সেই মামলার শুনানিতে সাইবার অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ বলেন, সাইবার প্রতারণা কোনও সাধারণ অপরাধ নয়, যেখানে পুলিশ তদন্ত করে সমাধানে পৌঁছাবে। আদালতের নথি জাল করে সাইবার ক্রাইম কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন প্রান্তে অহরহ এমন অপরাধের ঘটনা ঘটছে।








