টোটো রেজিস্ট্রেশনে তৎপর জেলা প্রশাসন
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি
রাজ্য সরকারের নির্দেশে টোটো চলাচলে শৃঙ্খলা আনতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। সেই লক্ষ্যে টোটোচালকদের বৈধতা প্রদান ও প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য ধূপগুড়িতে শুরু হয়েছে বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প।
শুক্রবার ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ও পরিবহন দপ্তরের সহযোগিতায় সুকান্ত মহাবিদ্যালয়ে এই ক্যাম্পের সূচনা হয়। রাজ্যের নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে টোটো বা ই-রিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
রাজনৈতিক মহলে এই উদ্যোগ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রেজিস্ট্রেশনের নামে টাকা তোলা হচ্ছে। এই পরিস্থিতিতেই ধূপগুড়িতে শুরু হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
ক্যাম্পের প্রথম দিনেই শতাধিক টোটোচালক উপস্থিত হয়ে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেন। পরিবহন দপ্তরের এক আধিকারিক জানান, রেজিস্ট্রেশনের জন্য টোটোচালকদের দিতে হচ্ছে ১,০০০ টাকা, আর অটোচালকদের ১,৬৪৫ টাকা, যা গত ছয় মাসের রাজস্বসহ জমা দিতে হচ্ছে।
রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোর জন্য দেওয়া হবে একটি নির্দিষ্ট নাম্বার, যা বৈধ অনুমোদনের প্রমাণ হিসেবে গণ্য হবে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই নাম্বার ছাড়া কোনো টোটো ভবিষ্যতে রাস্তায় নামতে পারবে না।







