ভোটার তালিকা সংশোধনে সর্বদলীয় বৈঠকের দাবি প্রদেশ কংগ্রেসের
নতুন পয়গাম, কলকাতা
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে একটি স্মারকলিপি পেশ করে। প্রতিনিধিদলে ছিলেন প্রদেশ কংগ্রেসের ভোটাধিকার ও নাগরিকত্ব সুরক্ষা কমিটির চেয়ারপার্সন প্রসেনজিৎ বসু, সহ-সভাপতি প্রশান্ত দত্ত, সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, রোহন মিত্র, পূজা রায়চৌধুরী, পার্থ ভৌমিক, মৃণাল নস্কর ও সম্পাদক রহিম শেখ।
প্রদেশ কংগ্রেস দাবি জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া চালুর আগে জাতীয় ও রাজ্যস্তরে সর্বদলীয় বৈঠক আহ্বান করে প্রক্রিয়ার ত্রুটি-বিচ্যুতি নিয়ে আলোচনা করা হোক। বিহারের ত্রুটিপূর্ণ এসআইআর মডেল পশ্চিমবঙ্গের মতো রাজ্যে প্রয়োগ করা অনুচিত বলে মন্তব্য করে দলটি।
এই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় ১৬ দফা সংশোধনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল—
২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের খসড়া তালিকা মেলানো ও ফলাফল প্রকাশ, মৃত ভোটার চিহ্নিতকরণে বাড়ি-বাড়ি যাচাই, এনুমারেশন ফর্ম জমার সময়সীমা ৬০ দিন করা, ভোটার বাদ দেওয়ার আগে ব্যক্তিগত নোটিশ পাঠানো, এবং জন্মসূত্রে নাগরিকত্বের স্বঘোষণা ও আধারকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা।
দলটি আরও দাবি করেছে, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের ভূমিকা বাড়ানো, পক্ষপাতদুষ্ট নির্বাচনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, এবং বাদ পড়া ভোটারদের তালিকা অনলাইনে প্রকাশের ব্যবস্থাও বাধ্যতামূলক করা হোক।
প্রদেশ কংগ্রেসের মতে, এই প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে এসআইআর প্রক্রিয়া আরও স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক হবে।








