গাজা পুনর্গঠনে ভারত
নতুন পয়গাম:
টানা ২ বছর ধরে চলা যুদ্ধের পর আপাতত শান্তি ফিরেছে গাজায়। আমেরিকা, তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় সই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। কিন্তু ইতিমধ্যেই কার্যত নরক হয়েছে গাজা। ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ৮০ শতাংশ ঘরবাড়ি। চাপা পড়ে রয়েছে অসংখ্য মৃতদেহ। রিপোর্টে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে অন্তত ৭০০ কোটি ডলার লাগবে। এই পরিস্থিতিতে সেখানে মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে অংশ নেবে ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে গঠিত হবে এই সংক্রান্ত কমিটি। গাজায় বিপুল সংখ্যায় মানুষজন ফিরতে শুরু করেছে। কিন্তু সেখানে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী ও পরিকাঠামো কিছুই অবশিষ্ট নেই। এই পরিস্থিতিতে গাজাবাসীকে খাবার, ওষুধ, থাকার জন্য তাঁবু, কম্বল-সহ অন্য প্রয়োজনীয় জিনিস পাঠাবে ভারত। ঘরবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, অফিস সবকিছু ভেঙে রাস্তাগুলো কংক্রিটের জঞ্জালে পরিণত হয়েছে। ৬ কোটি ৫০ লক্ষ টন ধ্বংসস্তূপ জমা হয়েছে। সেসব সরাতে হবে। নাহলে ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারছে না। এছাড়াও ইসরাইলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া নিকাশি, পানীয় জল সরবরাহের ব্যবস্থা নতুন করে তৈরিতে সাহায্য করবে ভারত। পুরো প্রক্রিয়া শেষ করতে কয়েক দশক লেগে যেতে পারে।








