বন্যা দুর্গতদের পাশে মানবিক মুখ নিজেদের অর্থে ত্রাণ পৌঁছে দিলেন কমিউনিটি হেলথ অফিসাররা
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি
বন্যার পর বিপর্যস্ত ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছিল গধেয়ারকুঠি গ্রামপঞ্চায়েতের বগরিবাড়ি, কুর্শামারি, হোগলাপাতা ও নলডোবা সহ আশপাশের গ্রামগুলি। প্রায় সাড়ে চার হাজার মানুষ আজ গৃহহীন। সরকারি সহায়তায় প্লাস্টিকের তাবুতেই চলছে তাদের অস্থায়ী জীবনযাপন।
এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন ধূপগুড়ি ব্লকের কমিউনিটি হেলথ অফিসাররা (সি.এইচ.ও.)। তারা গত ৫ অক্টোবর থেকে টানা পায়ে হেঁটে দুর্গম এলাকায় গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, এমনকি অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজও তারা নিরলসভাবে করে যাচ্ছেন।
এবার সেই মানবিকতার ধারাবাহিকতাতেই নিজেদের বেতনের অর্থ থেকে তারা কিনে আনলেন ত্রাণসামগ্রী শীতবস্ত্র, কম্বল, শুকনো খাবার, শিশু খাদ্য ও প্লাস্টিকের মাদুর। বৃহস্পতিবার সেইসব সামগ্রী তারা নিজের হাতে তুলে দেন বন্যা দুর্গত মানুষের হাতে।
কমিউনিটি হেলথ অফিসারদের এই উদ্যোগে খুশির হাসি ফুটেছে দুর্গত মানুষের মুখে। শুধু পেশাগত দায়িত্ব নয়, মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তারা প্রমাণ করলেন সেবাই আসল ধর্ম।







