প্রতিমন্ত্রীর দাবির পরিপ্রেক্ষিতে হরিশ্চন্দ্রপুর স্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শনে কাটিহার ডিআরএম
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের সাক্ষাতের পর নড়েচড়ে বসেছে কাটিহার ডিআরএম অফিস। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিআরএম অফিসের পক্ষে বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শন করা হয়। উল্লেখ্য, প্রতিমন্ত্রী তজমুল হোসেন গত সোমবার এনএফ(নর্থ ফ্রন্ট)রেলওয়ের কাটিহার ডিআরএম অফিসে সাক্ষাৎ করেন। তিনি হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর জংশন,হরিশ্চন্দ্রপুর,মিলনগড় ও ভালুকারোড রেলওয়ের স্টেশনের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। এদিন বেশ কিছু মেইল ট্রেনের স্টপ ও স্টেশন সংলগ্ন রাস্তার সংস্কার, রেলওয়ে আন্ডার পাশের জল নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবি জানানো হয়। তারপরই এদিন কাটিহার ডিআরএম কীরেন্দ্র নারাহ সহ অন্যান্য রেলওয়ে আধিকারিকগণ এদিন হরিশ্চন্দ্রপুর স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর প্রতিনিধি সামিউদ্দিন রহমান জম্মু সহ মনোতোষ ঘোষ,আফজাল হোসেন প্রমুখ। কাটিহার ডিআরএমের নেতৃত্বে রেলের প্রতিনিধিদল সরেজমিনে স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকা ঘুরে দেখেন।
এই প্রসঙ্গে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, গত সোমবার কাটিহার ডিআরএম অফিসে এলাকার বিভিন্ন রেল স্টেশনের দাবি দাওয়া নিয়ে সাক্ষাৎ করেছিলাম। তার পর এদিন কাটিহার ডিআরএম কীরেন্দ্র নারাহের নেতৃত্বে রেলওয়ে আধিকারিক গণ এদিন হরিশ্চন্দ্রপুর স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। তাঁরা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। আশা করি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী তজমুল হোসেন কুমেদপুর জংশনে কুলিক এক্সপ্রেস, হরিশ্চন্দ্রপুর স্টেশনে পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসের স্টপের দাবি জানান। সেইসঙ্গে হরিশ্চন্দ্রপুর, কুমেদপুর, মিলনগড়, এবং ভালুকা রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তাগুলোর সংস্কার সহ রেলের আন্ডারপাস গুলোতে যেন জল না জমে তার জন্য ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।







