সুজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারটি প্লাস্টিক গোডাউন
কোটি টাকার ক্ষয়ক্ষতি, ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ছিল জাতীয় সড়ক ১২
আবু রাইহান, নতুন পয়গাম, কালিয়াচক:
বুধবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় চারটি প্লাস্টিক গোডাউন। রাত প্রায় ১টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে ইংরেজবাজার দমকল দপ্তর থেকে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লাগে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে রাত থেকে সকাল পর্যন্ত জাতীয় সড়ক ১২-এ ভারী যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
সুজাপুর মালদা জেলার প্লাস্টিক রিসাইকেল শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে প্রায় ২০ হাজার শ্রমিক প্রতিদিন জীবিকা নির্বাহ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে চারটি বড় গোডাউন ভস্মীভূত হয়ে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে অথবা কারও অসতর্কতার ফলেই আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, কালিয়াচক–সুজাপুর এলাকায় দমকল কেন্দ্র না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনায় বড় ক্ষতি হয়। তাঁদের একাংশের ক্ষোভ —
“যদি কালিয়াচকে দমকল কেন্দ্র থাকত, তাহলে এত বড় ক্ষতি হত না।”
রাজনৈতিক নেতারা আগেও দমকল কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিলেও, তা আজও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।








