রাজস্থানে চলন্ত বাসে আগুন, মৃত্যু ২০ যাত্রীর
নতুন পয়গাম, জয়সলমীর:
রাজস্থানে হাইওয়েতে চলন্ত এক বেসরকারি বাসে ভয়াবহ আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়ঙ্কর ও মর্মান্তিক এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ২০ জন যাত্রীর। ১৬ জন গুরুতর জখম। এদিন জয়সলমীর থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। পুলিশ জানিয়েছে, বাসটিতে ৫৭ জন যাত্রী ছিলেন। প্রাথমিক অনুমান, ইঞ্জিনে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। জয়সলমীর-যোধপুর হাইওয়ে দিয়ে ছুটে চলার সময় বাসের পিছন থেকে ধোঁয়া বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেন চালক। কিন্তু, শীঘ্রই গোটা বাস গ্রাস করে আগুনের লেলিহান শিখা। ঊর্ধ্ব্শ্বাসে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। পৌঁছে যান সেনাকর্মীরাও। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম ১৬ জনকে যোধপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পোখরান প্রতাপপুরীর বিজেপি বিধায়ক জানিয়েছেন, বাসের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে জয়সলমীর পৌঁছন রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হান্ডলে লিখেছেন, “রাজস্থানের জয়সলমীরে চলন্ত বাসে দুর্ঘটনায় প্রাণহানিতে আমি শোকাহত। নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” পাশাপাশি তিনি মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।








