এবারও কি ভবানীপুর থেকেই লড়বেন মমতা?
নতুন পয়গাম, কলকাতা:
শেষবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আচমকাই নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে রাজ্যবাসীকে চমকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি কোথা থেকে দাঁড়াবেন? ভবানীপুর থেকেই নাকি অন্য কোন নিরাপদ আসন থেকে? মঙ্গলবার তৃণমূলের বিজয়া সম্মিলনী থেকে এ ব্যাপারে বড় ঘোষণা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচন নিয়েও বার্তা দিলেন তিনি। ইংগিতে বোঝালেন ভবানীপুর থেকেই লড়বেন দলনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়ে শেষমেষ পরাজিত হন মুখ্যমন্ত্রী। অবশ্য সেই ভোট নিয়ে অনেক বিতর্ক হয়। তৃণমূলের অভিযোগ ছিল, মমতাকে জোর করে রিগিং করে, কারচুপি করে হারানো হয়েছে। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আজো তার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। অগত্যা কলকাতার ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে আসেন মমতা। এদিকে মাস পাঁচ-ছয় পর রাজ্যে বিধানসভা ভোট। এমতাবস্থায় সুব্রত বক্সীর থেকে আরো কয়েকধাপ এগিয়ে জয়ের মার্জিন পর্যন্ত উল্লেখ করলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
সুব্রত বক্সী এদিন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন। প্রচুর ভোটে তাঁকে জেতাতে হবে।’ ফিরহাদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ লক্ষ ভোটে জয়ী করব’। এনিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা রাহুল সিনহার খোঁচা, ‘ওরা মমতার জয় নিয়ে সন্দিহান। প্রথমেই ভবানীপুর নিয়ে ভাবতে হচ্ছে। ভবানীপুরে বাইরে থেকে লোক এনে ভরিয়ে দেওয়া হচ্ছে। পরিকল্পনা করে বাইরে থেকে লোক এনে এখানে বাড়ি কিনে দেওয়া হচ্ছে। বহিরাগতরা এখানে ফ্ল্যাট কিনছে। তাই সাবধান ভবানীপুরবাসী। মমতা বাংলাদেশীদের এনে রাজ্যের জনবিন্যাস পাল্টে দিয়েছেন।’
অন্যদিকে সুব্রত বক্সি বলেন, দল যাকে প্রার্থী মনোনীত করবে, যাঁর হাতে জোড়াফুল সিম্বল বা প্রতীক থাকবে, তিনিই দলের প্রার্থী। কোনওরকম বিরোধ যেন না হয়। যিনি প্রার্থী হবেন, তাঁকেই মেনে নিতে হবে সবাইকে। কোনও বিরোধ নয়।








