বেস্ট গার্লস অ্যাকাডেমিতে CPR সচেতনতা শিবির
নতুন পয়গাম:
রেডক্রস সোসাইটি ও দ্য বেস্ট গার্লস অ্যাকাডেমি-র যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ CPR (Cardiopulmonary Resuscitation) সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল একাডেমি প্রাঙ্গণে। হাওড়া জেলার ৫৮ গেটের মোল্লা মোড়ে অবস্থিত বেস্ট গার্লস অ্যাকাডেমিতে সোমবার আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন একাডেমির সমস্ত ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগণ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডা. নিখিলেশ সাঁতরা, তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে CPR প্রশিক্ষণ দেন এবং জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা প্রদানের প্রয়োজনীয় কৌশল শেখান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাওড়া রেডক্রস সোসাইটির চেয়ারপার্সন পূর্ণিমা দাস। তিনি সচেতনতা ও মানবিক সেবার গুরুত্ব তুলে ধরেন। সমগ্র কর্মসূচি পরিচালনা করেন একাডেমির প্রতিষ্ঠাতা জনাব আলী মোল্লা। তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর জনসচেতনতা কর্মসূচি আয়োজনের অঙ্গীকার করেন। এই উদ্যোগের মাধ্যমে সমাজে জীবনরক্ষার মৌলিক প্রশিক্ষণ প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল দ্য বেস্ট গার্লস একাডেমি এবং হাওড়া রেডক্রস সোসাইটি।








