ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি মানতে বাধ্য করতে হবে, বলল সিপিএম পলিটব্যুরো
নতুন পয়গাম, নয়াদিল্লি:
এর আগে অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি করেও ভেঙেছে ইইরাইল। এবার চুক্তি মানতে বাধ্য করতে হবে ইসরাইলকে। একই সঙ্গে ইসরাইলকে বাধ্য করতে হবে ফিলিস্তিন সংক্রান্ত রাষ্ট্রসঙ্ঘের সব প্রস্তাব মানতে। অবিলম্বে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি ও আগ্রাসন বন্ধ করতে বাধ্য করতে হবে নেতানিয়াহু সরকারকে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্বের বাস্তবায়ন প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে এমনই প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম পলিটব্যুরো।
বিবৃতিতে সিপিএমের সর্বোচ্চ নীতিনির্ধারণ কমিটি পলিটব্যুরো বলেছে, ট্রাম্পের আমেরিকা গাজায় ‘শান্তি চুক্তি’ সম্পাদনের কৃতিত্ব দাবি করছে। ইসরাইলকে এই চুক্তি মানতে বাধ্য করার দায়িত্ব নিতে হবে আমেরিকাকেই। এদিকে গাজায় গৃহহীন নিঃস্ব ও অসহায় ফিলিস্তিনিরা ফের ঘরে ফেরার চেষ্টা করছেন। পায়ে হেঁটে সামান্য সম্বলটুকু নিয়ে ফিরছেন অনেকে, যাঁরা গত দু-বছরে হারিয়েছেন সন্তানদের, চোখের সামনে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেতে দেখেছেন প্রিয়জনের দেহ।
কঠিন সংকট ও জটিল বাস্তবতার মধ্যে রয়েছে গাজা। নেই খাদ্য, নেই জল, নেই মাথা গোঁজার ঠাঁই। আপাতত বোমা পড়ছে না ঠিকই, কিন্তু দুর্ভিক্ষ আর অনাহার পিছু ছাড়ছে না। ধ্বংস হয়েছে অধিকাংশ হাসপাতাল। মাত্র ১২টি হাসপাতাল কোনমতে টিকে থাকলেও চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো অবস্থায় নেই। সবরকম পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরাইল। ৬৭ হাজারেরও বেশি নিহতের তালিকায় রয়েছে বহু চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী। হত্যা করা হয়েছে বহু সাংবাদিককেও।
চুক্তির পর ঘরে ফিরে গাজাবাসী দেখছেন, তাঁদের বাড়ি এবং পুরো জনপদ ভেঙে গুঁড়িয়ে পাথরের টুকরোর স্তূপ হয়ে রয়েছে। এমতাবস্থায় গাজায় যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া মানতে ইসরাইলে সর্বাত্মক চাপ দিতে হবে বলে জানিয়েছে সিপিএম পলিটব্যুরো।








