ভাঙড়ে তৃণমূলের সভা চলাকালীন বোমাবাজি, চাঞ্চল্য এলাকায়
দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের
সাহিনুর ইসলাম, ভাঙড়:
আবারও উত্তপ্ত ভাঙড়। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা চলাকালীন বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল।
তৃণমূলের অভিযোগ, পোলেরহাট ২ নম্বর অঞ্চলের ১০৫ নম্বর বুথে দলীয় প্রস্তুতি সভা চলার সময় সভাস্থলের আশপাশে দু’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়, অপরটি ফাটেনি। পরে না ফাটানো বোমাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থল থেকে বোমার কিছু অবশিষ্টাংশ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।








