ভাঙন প্রতিরোধে ৪৪ কোটি টাকার হিসেব দিন, না হলে বাড়ি ঘেরাও: সামসেরগঞ্জ বিধায়ককে হুঁশিয়ারি এসডিপিআই-এর
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
নদীভাঙন সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদ জেলায় এবার তীব্র প্রতিবাদের হাওয়া। ভাঙন প্রতিরোধে ব্যয় হওয়া ৪৪ কোটি টাকার বিস্তারিত হিসেব দাবি করেছে এসডিপিআই-এর সামসেরগঞ্জ বিধানসভা কমিটি। হিসেব না দিলে বিধায়কের বাড়ি ও বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে তারা।
শনিবার সামসেরগঞ্জে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধানসভা সম্পাদক নুরুল ইসলাম জানান, RTI রিপোর্ট অনুযায়ী নদীভাঙন প্রতিরোধে প্রায় ৪৪ কোটি টাকা খরচ দেখানো হলেও বাস্তবে তার কোনো ফল দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, এই বিপুল অর্থের ব্যয়ের কোনো স্বচ্ছ হিসেব প্রশাসন বা বিধায়ক কেউই দিতে পারেননি।
বিধায়ক আমিরুল ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে নুরুল ইসলাম বলেন, “যদি সাহস থাকে, প্রকাশ্যে ডিবেটে বসে দেখান কোথায় ৪৪ কোটি টাকা খরচ হয়েছে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বিধায়কের বাড়ি ঘেরাও করা হবে।”
তিনি আরও দাবি করেন, ধুলিয়ান পৌরসভায় ৬ কোটি টাকার কাজ দেখানো হলেও এলাকায় তার কোনো দৃশ্যমান প্রমাণ নেই। তিনি পৌরসভার চেয়ারম্যানকেও হিসেব দিতে সতর্ক করে জানান, “হিসেব না দিলে পৌরসভা ও চেয়ারম্যানের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়া হবে।”
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা সম্পাদক আইনজীবী এমদাদুল হক, সামসেরগঞ্জ বিধানসভা সভাপতি আলাউদ্দিন সেখ এবং আইনজীবী সহিদুল ইসলাম।
দলীয় মিডিয়া ইনচার্জ হিসেবে বিবৃতি দেন সেলিম সেখ, এসডিপিআই উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির তরফে।








