অনলাইন গেমের ফাঁদে প্রায় ১০ লক্ষ টাকার ঋণ, দুশ্চিন্তায় আত্মহত্যা যুবকের
আবু রাইহান, নতুন পয়গাম, মালদা:
মোবাইল গেম ও অনলাইন জুয়ার নেশায় প্রায় ১০ লক্ষ টাকার ঋণের ফাঁদে জড়িয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার, মালদা জেলার কালিয়াচক থানার সিলামপুর–২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাহাদুরপুর গ্রামে। মৃতের নাম মোহাম্মদ মনিরুজ্জামান (২৭)। পরিবারে রয়েছেন স্ত্রী ও চার বছরের এক পুত্র সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অনলাইন গেম ও জুয়ায় আসক্ত ছিলেন মনিরুজ্জামান। গেমে টাকা হারিয়ে ক্রমে ঋণের পরিমাণ বাড়তে থাকে। পরে বিভিন্ন অনলাইন অ্যাপ থেকে একাধিক ঋণ নেন তিনি। কিস্তি পরিশোধে অক্ষম হয়ে মানসিকভাবে চরম দুশ্চিন্তায় পড়েন। অবশেষে শনিবার নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মৃতের স্ত্রী জান্নাতুন আফসানা বলেন, “অনেকদিন ধরেই অনলাইন গেম ও জুয়ায় আসক্ত ছিল ও। এসবের জন্য প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল। লোনের কিস্তি দিতে না পেরে ভীষণ চিন্তায় ছিল।”
স্থানীয় বাসিন্দাদের মতে, ডিজিটাল যুগে অনলাইন গেম ও জুয়ার নেশা যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন, বেকারত্ব এবং সহজ ঋণের প্রাপ্যতা—সব মিলিয়ে তরুণদের জীবনে বাড়ছে এই প্রবণতা। বাহাদুরপুরের এই মর্মান্তিক ঘটনা সেই বিপদেরই এক জ্বলন্ত উদাহরণ।







