বন্যার জলে ভেসে এসে ১২ ফুটের অজগর! সেলফি বিতর্কে চাঞ্চল্য বানারহাটে
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, বানারহাট:
বন্যার জলে ভেসে এসে লোকালয়ে ঢুকে পড়ল প্রায় ১২ ফুট লম্বা এক বিশাল অজগর! ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মধ্য ডাঙ্গাপাড়া এলাকায়। হঠাৎ এই অজগর আবিষ্কারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকায় একটি পুকুরে কয়েকজন যুবক মাছ ধরার জন্য জল কমাচ্ছিলেন। কচুরিপানা সরাতে গিয়েই হঠাৎ তাঁদের নজরে আসে কচুরিপানার নিচে লুকিয়ে থাকা ওই বিশাল অজগরটি। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং উপস্থিতরা প্রাণ বাঁচাতে ছুটে পালান।
এরপর এলাকার কয়েকজন সাহসী যুবক মিলে অজগরটিকে পুকুর থেকে উদ্ধার করে ডাঙায় তোলেন। খবর দেওয়া হয় বনদপ্তরে, যদিও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নেন। শেষ পর্যন্ত স্থানীয় যুবকেরাই অজগরটিকে নিয়ে যান মোরাঘাট রেঞ্জের খট্টিমারি বিট অফিসে।
বনদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সিডিউল–১-এর অন্তর্ভুক্ত, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে সুরক্ষিত প্রজাতি।
তবে, অজগর উদ্ধারের পর কিছু যুবক সেটিকে গলায় পেঁচিয়ে সেলফি তোলেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ভিডিও ও ছবি ঘিরেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বন্যপ্রাণীর সঙ্গে এমন আচরণ কতটা আইনসিদ্ধ, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “অজগরটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং শীঘ্রই তাকে উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে সাপের সঙ্গে এমনভাবে ছবি তোলা বা তাকে কষ্ট দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”







