কুলতলিতে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, কুলতলি :
বুধবার কুলতলি বিধানসভার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত বিজয়া সম্মেলন ঘিরে উপচে পড়ল জনতা। সকাল থেকেই তৃণমূলের পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সুন্দরবন জেলা তৃণমূল সভাপতি জয়দেব হালদার, ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা, কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সরদার, জেলা পরিষদ সদস্য উর্মিলা রায়, ও ব্লক সভাপতি মিলন পুরকাইতসহ একাধিক নেতৃত্ব।
বিজয়া সম্মেলনে পঞ্চায়েত থেকে ব্লক স্তর পর্যন্ত শতাধিক কর্মী–সমর্থক যোগ দেন। অনুষ্ঠান ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। বক্তারা এদিন দলের ঐক্য বজায় রেখে আগামী দিনে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
শেষে কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল উপস্থিত কর্মী–সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে উন্নয়নের পথেই এগিয়ে যাবে।
উৎসবের আবহে অনুষ্ঠিত এই বিজয়া সম্মেলন কুলতলিতে তৃণমূল কংগ্রেসের সংগঠনগত শক্তি ও জনসমর্থনের প্রদর্শন করল তৃণমূল ব্রিগেড।








