বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালো এস এফ আই
প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ
জলঢাকা নদীর জলে প্লাবিত ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি ও কুশামারি গ্রামে ত্রাণ নিয়ে হাজির হলেন ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কর্মী ও সমর্থকেরা। কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের উদ্যোগে সংগৃহীত অর্থে কেনা খাদ্যসামগ্রী, বই-খাতা ও কলম বুধবার দুর্গত এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হয়। বিশেষভাবে মহিলাদের হাতে বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন।
বিধ্বংসী বন্যায় পাহাড়, তরাই ও ডুয়ার্স জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ত্রাণ বিতরণে সরকারের ঢিলেঢালা ভূমিকার প্রতিবাদে দ্রুত ঝাঁপিয়ে পড়ে এসএফআই ও রেড ভলান্টিয়ার্স কর্মীরা। এসএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে জলপাইগুড়ি জেলা কমিটির সহযোগিতায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষিকাদের কাছ থেকে সংগৃহীত খাদ্যদ্রব্য, বই-খাতা ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে একদল ছাত্রছাত্রী পাড়ি দেয় উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায়।
বুধবার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি, হোগলাপাড়া ও জলঢাকা নদীতীরবর্তী বিভিন্ন গ্রামে গিয়ে ত্রাণসামগ্রী বিলি করেন তারা।
এস এফ আই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “আমরা আবেদন জানিয়েছিলাম সমস্ত বড়ুয়া এবং অভিবাবকদের কাছে। যাতে এই বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন, একদিনের আবেদনে বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই অর্থেই আমরা খাদ্য সামগ্রী বই খাতা নিয়ে আজ তিন জেলার বন্যা দুর্গত এলাকার মানুষের হাতে তুলে দিলাম।”








