এসএসসি: অযোগ্য তালিকা প্রকাশে সুপ্রিম-নির্দেশ
নতুন পয়গাম, নয়াদিল্লি:
বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী নভেম্বর মাসের গোড়াতেই প্রকাশ হবে নতুন নিয়োগ পরীক্ষার রেজাল্ট। কিন্তু সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, শুধু রেজাল্ট প্রকাশ করলেই হবে না, পাশাপাশি অযোগ্য বা দাগিদের নামের তালিকা-সহ বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। এদিন এসএসসি এবং রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়িয়ে এই নির্দেশ দিলেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং অলক আরাধের বেঞ্চ। উল্লেখ্য, এসএসসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ পরীক্ষার আগে অযোগ্যদের তালিকা প্রকাশও করেছিল কমিশন। কিন্তু সেই তালিকা অস্পষ্ট! অযোগ্য বা দাগি হওয়া সত্ত্বেও কারা চাকরি পেয়েছিল, তাদের নাম রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করছে না। এই অভিযোগ এনে মামলা দায়ের করেন কয়েকজন যোগ্য চাকরিহারা শিক্ষক। এদিন তার শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ‘অযোগ্যদের বিস্তারিত তথ্য কমিশন প্রকাশ করছে না।’ যদিও এসএসসির আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ওয়েবসাইটে নাম প্রকাশ করা হয়েছে। ‘কিন্তু তাদের মধ্যে কেউ ফের নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নেয়নি তো?’ একথা জানতে চান বিচারপতি সঞ্জয় কুমার। রাজ্যের পক্ষে আর এক আইনজীবী কপিল সিব্বাল জানান, ‘অযোগ্যদের অ্যাডমিট কার্ডই দেওয়া হয়নি। ফলে তারা পরীক্ষায় বসতে পারেনি।’
কল্যাণ ব্যানার্জী জানান, পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট প্রকাশের আগেই এসএসসি নিজেদের ওয়েবসাইটে মডেল উত্তরপত্র আপলোড করেছে। নভেম্বরের প্রথম দিকে ফলও প্রকাশ হবে। চাকরি বাতিলের সময়ই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, চলতি বছর ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এসএসসিকে। যদিও এদিন শুনানিতে মামলাকারীর আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান, সব নাম প্রকাশ করেনি কমিশন। তাদের বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি।
তখনই শুনানির পর্যবেক্ষণে বিচারপতি মন্তব্য, ফল প্রকাশ করলেই হবে না, অবিলম্বে অযোগ্যদের সব নামের তালিকা প্রকাশ করুন। লোকেরা জানুক কারা অযোগ্য, কারা বেআইনি পথে চাকরি পেয়েছিল। নাহলে বার বার অযোগ্যরা পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করছে। তাই অযোগ্যদের বিস্তারিত তালিকা প্রকাশ্যে আনুন। কারা জেনারেল ক্যাটিগোরি, কারা তপশিলি জাতি বা উপজাতিভুক্ত, কারা ওবিসি — সব তথ্য বিস্তারিত প্রকাশ করুক এসএসসি কর্তৃপক্ষ। ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।








