নাগরাকাটা বন্যা: মৃত বেড়ে ৯, মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, নাগরাকাটা:
নাগরাকাটা ব্লকের বন্যা পরিস্থিতি ক্রমশই আরও ভয়াবহ হয়ে উঠছে। টানা বৃষ্টিপাত ও নদীর জলস্ফীতির জেরে গোটা এলাকার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়। নিখোঁজদের মধ্যে কয়েকজনের দেহ উদ্ধার হলেও এখনও বেশ কয়েকজনের খোঁজ মেলেনি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার নাগরাকাটায় পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বন্যায় মৃত পাঁচজনের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। একইসঙ্গে, প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ড পদে চাকরির আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রীর সফরের পাশাপাশি নাগরাকাটার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় যান বিজেপির সাংসদ ও বিধায়করা। তবে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং সাংসদ-বিধায়কদের ঘিরে ধরেন। ধাক্কাধাক্কির মধ্যে কয়েকজন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে খবর, বহু গ্রাম এখনো জলের নিচে। ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সব ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ ও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া হবে। উদ্ধার ও পুনর্বাসনের কাজ ইতিমধ্যেই জোরদার হয়েছে।








