রাজারহাটে অসহায় পরিবারকে পাকাঘর তৈরি করে দিল জামাআত
নতুন পয়গাম, কুদ্দুস আলি মোল্লা:
জামাআতে ইসলামী হিন্দ উত্তর ২৪ পরগনা জেলার উদ্যোগে অসহায় ও রোগাক্রান্ত পরিবারের জন্য নির্মিত হল দুটি পাকা ঘর। এর নির্মাণে খরচ হয়েছে মোট সাড়ে পাঁচ লক্ষ টাকা। এই মানবিক উদ্যোগের মাধ্যমে একটি অসহায় ও দুস্থ পরিবার নতুন জীবনের আশা ও স্বস্তি পেল।
রবিবার ৫ অক্টোবর নবাবপুর খেলার মাঠে এই দুটি নবনির্মিত ঘরের দ্বারোদঘাটন হয়। অন্যতম উদ্যোক্তা হিসেবে ছিলেন কাশেম আলী হাজরা ও মাসুম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মাহবুব হক, কুতুব উদ্দিন মোল্লা, মাসুম আলী, সফিকুল ইসলাম, নিজামুদ্দিন-সহ আরও অনেকে। তারা প্রাপকের হাতে ঘরের চাবি তুলে দেন।
উল্লেখ্য, প্রাপক মোশারফ আলি মারণরোগ ক্যান্সারে ভুগছেন। তার পরিবারে স্ত্রী ও তিন কন্যা রয়েছে। জামাআতের জেলা নেতৃত্ব জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকা এবং বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই সংগঠনের অন্যতম লক্ষ্য।
ক্যান্সার আক্রান্ত মোশারফ আলি ও তার পরিবার পাকা ঘর পেয়ে জামাআতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের জীবন এতদিন চরম অসহায়তার মধ্যে কেটেছে। এই নতুন ঘর আমাদের জন্য আল্লাহর দান। উক্ত অনুষ্ঠান শুধু একটি গৃহদান নয়; বরং সমাজের প্রতি নৈতিক ও মানবিক দায়বদ্ধতা, সহমর্মিতা এবং সংহতির প্রতীক বলে উল্লেখ করেন জামাআতের নেতা-কর্মীরা।







