বাংলাদেশে যে-ই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিদেশ সচিব বিক্রম মিশ্রি
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৬ অক্টোবর:
বাংলাদেশের জাতীয় নির্বাচনে যে দল বা জোটই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে নয়াদিল্লি। বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, সেটাই ভারতের প্রত্যাশা। সোমবার সকালে এমনই বলে মন্তব্য করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এদিন দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন এর সেমিনারে বাংলাদেশের ডিক্যাব সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় ভারত সরকার। সেই নির্বাচনের রূপরেখা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের বর্তমান সরকার, প্রশান, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির।
এদিন বিদেশ সচিব উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেন, এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা ঠিক নয়।
পাশাপাশি তিনি দুই নিকটতম প্রতিবেশি দেশের সম্পর্কের অতীত এবং বর্তমান গুরুত্ব তুলে ধরে বলেন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক ভিত্তিতে গঠিত। ফলে রাজনৈতিক, কূটনৈতিক পরিবর্তন হলেও পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে। তাঁর কথায়, আমরা সবসময় উভয় দেশের জনগণের চাহিদা, ভাবনা ও পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করে সহমতের ভিত্তিতে এগিয়ে চলেছি। এতে উভয় দেশ এবং দেশের মানুষই উপকৃত হবেন। ভারত তার প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার পক্ষপাতী নয় বলেও উল্লেখ করেন বিদেশ সচিব।








