বিরোধী দলনেতা নন, রাহুল দেশবিরোধী নেতা: কিরেণ রিজিজু
নতুন পয়গাম, নয়াদিল্লি:
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, রাহুল গান্ধী হলেন দেশের প্রথম বিরোধী দলনেতা, যিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরোধিতা করলেন। তার অভিযোগ, ভারত সম্পর্কিত তথ্যকে বিকৃতভাবে পেশ করা হয়েছে রাহুলের ভাষণে। যা দেশের ভাবমূর্তিতে আঘাত হেনেছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে থাকা রাহুল গান্ধীর মন্তব্যের বিরোধিতায় রবিবার এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বলেন, ”কলম্বোয় রাহুল দাবি করেছেন, ভারত কখনও বিশ্বগুরু হতে পারবে না। রাহুলের এই মন্তব্য সম্পূর্ণ ভুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বহু ক্ষেত্রে নিজেকে বিশ্বগুরু হিসেবে তুলে ধরেছে বলে দাবি করেন রিজিজু। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দেশের বিরোধী দলনেতা যদি বিদেশ সফরে গিয়ে এমন দেশবিরোধী মন্তব্য করেন, তাহলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং দেশের সুনাম নষ্ট হয়। শত্রুদের মনোবল বাড়ায়। বিরোধী দলনেতা হিসেবে বিদেশে গিয়ে দেশের সুনাম রক্ষা করা রাহুলের দায়িত্ব বলেও মন্তব্য করেন রিজিজু।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী প্রমুখের প্রসঙ্গ তুলে রিজিজু বলেন, এই সব দেশনেতারা বিদেশে গিয়ে কখনও দেশবিরোধী মন্তব্য করেননি। রাহুলের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনও বিরোধ নেই। তবে তিনি যদি বিদেশে ভারতের সম্মান নষ্ট করেন, তবে তা বরদাশত করা হবে না। ইন্দিরা গান্ধী বলেছিলেন, বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে কোনও মন্তব্য করা উচিত নয়। আর রাহুল গান্ধী হলেন প্রথম বিরোধী দলনেতা, যিনি বিদেশে গিয়ে দেশ, আমাদের দেশের পরিচালন ব্যবস্থা ও গণতন্ত্রের বিরোধিতা করেছেন।
উল্লেখ্য, কলম্বোর এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধী নরেন্দ্র মোদি সরকারকে তোপ দেগে বলেছেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা হল গণতন্ত্রের উপর হামলা। প্রযুক্তি ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ভারতের দক্ষতা রয়েছে, মানব সম্পদ রয়েছে, তাই আমি দেশের প্রতি আশাবাদী। তবে সরকারি ব্যবস্থাপনায় বহু ত্রুটিও রয়েছে, যেগুলো সংশোধন করা প্রয়োজন। এসবের মধ্যে সবচেয়ে বড় হুমকি হল গণতন্ত্রের উপর চলমান হামলা বা আক্রমণ। রাহুল আরো বলেন, বৈচিত্র্যময় বা বহুত্ববাদী গণতান্ত্রিক ব্যবস্থা বিপদের মুখে পড়লে তা খুবই খারাপ সংকেত। ভারতে বহু ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য ও নানাবিধ ভাষা রয়েছে। ভারতবর্ষ বহু রকমের সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন করে থাকে। এটাই ভারতের গর্বের বিষয়। এখন যা বিঘ্নিত হচ্ছে।








