করণদিঘীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মুদিখানা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, উত্তর দিনাজপুর:
উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের খুদুরগাছি মোড়ে গতকাল ভোরবেলায় ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ছাই হয়ে গেল স্থানীয় বাসিন্দা ওয়াসিক আলমের একমাত্র জীবিকা—একটি মুদিখানার দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাল ভোররাতে আচমকা আগুন দেখা যায় দোকান থেকে। কয়েক মিনিটের মধ্যেই আগুনে পুড়ে যায় দোকানের ভিতরে থাকা প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার মালপত্র, দু’টি ফ্রিজ, একটি টিভি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। স্থানীয়দের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
চোখের সামনে নিজের সমস্ত পুঁজি ছাই হতে দেখে বাকরুদ্ধ ওয়াসিক আলম বলেন, “এই দোকানটাই ছিল আমাদের সংসারের একমাত্র ভরসা, এখন সব শেষ।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এবং বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে প্রশাসনিক সাহায্যের আশ্বাস দেন।
ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রশাসন অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্তে নেমেছে।








