দেশের সর্বকনিষ্ঠ ধনকুবের অরবিন্দ ৩১ বছর বয়সে ২১ হাজার কোটির মালিক
নতুন পয়গাম, নয়াদিল্লি,
দেশের সবথেকে কম বয়সি ধনকুবের অরবিন্দ শ্রীনিবাস-এর বয়স মাত্র ৩১ বছর। জন্ম দক্ষিণ ভারতের তামিলনাডুর রাজধানী শহর চেন্নাইয়ে। পেশায় তথ্য-প্রযুক্তিবিদ বা এআই উদ্যোক্তা। জানা গিয়েছে, অরবিন্দ শ্রীনিবাসের সম্পদের পরিমাণ ২১ হাজার ১৯০ কোটি টাকা।
হুরুন ইন্ডিয়া রিপোর্টে জানা গিয়েছে, ‘পারপ্লেক্সিটি’ কোম্পানির সিইও অরবিন্দের জন্ম ১৯৯৪ সালের ৭ জুন। ছোটবেলা থেকেই বিজ্ঞান-প্রযুক্তির প্রতি তাঁর খুব আগ্রহ। আইআইটি-র চেন্নাই ক্যাম্পাসে পড়াশোনা করেছেন। তারপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন মার্কিন মুলুকে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে থেকে ২০২১ সালে তিনি কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন। জানা গিয়েছে, এত অল্প বয়সেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশেষ মেধা ও সৃজনশীলতার ছাপ রেখেছেন অরবিন্দ শ্রীনিবাস।
ইতিমধ্যেই কাজ করেছেন বিশ্বের সেরা তথ্য প্রযুক্তি জায়ান্ট ওপেন-এআইয়ে। ব্রিটেনের নামজাদা প্রতিষ্ঠান ডিপমাইন্ড থেকে শুরু করে গুগলেও কাজের অভিজ্ঞতা রয়েছে। পরে যুক্ত হন গবেষণার কাজে। এরপর ২০২২ সালের মাঝামাঝি ডেনিস ইয়ারাতাস ও অ্যান্ডি কোনউইনস্কি নামে দুই ইউরোপীয় নাগরিকের সঙ্গে যৌথ উদ্যোগে অরবিন্দ গড়ে তোলেন ‘পারপ্লেক্সিটি’ নামে এক এআই কোম্পানি। গবেষণা, অধ্যবসায় এবং উদ্যোগ সব মিলিয়ে মাত্র ৩১ বছর বয়সেই দেশের সবথেকে অল্প বয়সী ধনকুবের বানিয়েছে।








