বীরশিবপুরে নাগরিক নথিপত্র ও মাইনোরিটি স্কিম নিয়ে প্রশিক্ষণ শিবির
নতুন পয়গাম, হাওড়া, ২ অক্টোবর:
হাওড়া জেলার বীরশিবপুরে ২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল এসবিএফ অফিস প্রাঙ্গণে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। জামাআতে ইসলামী হিন্দ এর উদ্যোগে আয়োজিত এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল নাগরিক নথিপত্র সংশোধন, মাইনোরিটি স্কিম এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করা। বিশেষত প্রতিটি গ্রাম থেকে একজন করে যুবককে প্রশিক্ষিত করে তোলা, যাতে তারা নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়াতে পারে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি অফিসার হাফিজুর রহমান মোল্লা, গণেশপুর হাই স্কুলের শিক্ষক ও সমাজসেবী জুলফিকার আলি মোল্লা, Minority Scheme Awareness Dept.-এর ইনচার্জ সেখ সাবির আলি, শিক্ষক সেখ মুনতাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতের বীরশিবপুর মোকামী আমির শেখ মোহাম্মদ আরিফুল্লাহ, বিভাগীয় সম্পাদক শাহনাওয়াজ খান ও শেখ আলিশা।
প্রশিক্ষণ শিবিরে বক্তারা বিস্তারিতভাবে নাগরিক নথিপত্র সংশোধনের প্রক্রিয়া, বিভিন্ন মাইনোরিটি স্কিমের সুবিধা এবং সরকারি প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা এই বিষয়গুলো হাতে-কলমে শিখে নেন। আয়োজক সংগঠনের তরফে জানানো হয়, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে, যাতে গ্রামের সাধারণ মানুষ সহজে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারে।







