আগামী ৩ অক্টোবরের বনধ স্থগিত, জানাল মুসলিম পার্সোনাল ল’ বোর্ড
নতুন পয়গাম, নয়াদিল্লি, ১ অক্টোবর:
ওয়াকফ সংশোধনী আইন বিরোধী ভারত বন্ধ আপাতত স্থগিত রাখার কথা জানালো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। মূলত পুজোর কারণে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। বন্ধের নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করবে
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।
বোর্ডের সর্বভারতীয় মুখপাত্র ড: এস কিউ আর ইলিয়াস এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, আমাদের প্রিয় দেশবাসীর কিছু ধর্মীয় উৎসব একই তারিখে দেশের কিছু রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থাকে বিবেচনায় নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের জরুরি বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সর্বভারতীয় সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি।
এই বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩রা অক্টোবর নির্ধারিত ভারত বনধ কর্মসূচি স্থগিত করা হলো। শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে।
তবে পার্সোনাল ল বোর্ডের তরফে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন যথারীতি চলতে থাকবে, এবং অন্য সব কর্মসূচি পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে।








