রাহুল গান্ধীকে হুমকিদাতা বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ইউজিসি-র
নতুন পয়গাম, কলকাতা, ৩০ সেপ্টেম্বর:
ইউনাইটেড গার্ডিয়ান কাউন্সিল গভীর উদ্বেগের সঙ্গে নিন্দা জানাচ্ছে কেরলের বিজেপি মুখপাত্র প্রিন্টু মহাদেবের সাম্প্রতিক টিভি বিতর্কে সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্যে দেওয়া অত্যন্ত আপত্তিকর ও হুমকিমূলক বক্তব্যের জন্য। এই ধরনের মন্তব্য শুধুমাত্র একজন জনপ্রতিনিধির নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের ওপর আঘাত।
এই মর্মে ইউজিসি-র তরফে দাবি জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। এই ধরনের বক্তব্যের কোনো স্থান গণতান্ত্রিক সমাজে থাকতে পারে না।
নির্বাচিত জনপ্রতিনিধি তথা রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব। তাই রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে, যেন এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়।
পাশাপাশি ইউজিসি-র পক্ষ থেকে সকল রাজনৈতিক দল, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে আহ্বান জানানো হয়েছে, যেন রাজনৈতিক মতভেদ শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। হুমকি বা সহিংসতা-উৎসাহী বক্তব্য গণতান্ত্রিক সমাজে অগ্রহণযোগ্য।
ইউনাইটেড গার্জেন কাউন্সিল এই ঘটনার দ্রুত স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছে, প্রশাসন দায়িত্বশীলতার সঙ্গে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর নীতি গ্রহণ করবে।








