বোয়ালিয়ায় পরিবেশ সচেতনতা
অতসী মণ্ডল, নতুন পয়গাম, উলুবেড়িয়া:
মহাপঞ্চমীতে বোয়ালিয়া সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা কর্মসূচি। অঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও প্রদর্শনীর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে গাছ লাগানো ও প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
প্রায় ১২০ জন ক্ষুদে শিল্পীর আঁকায় ফুটে ওঠে সবুজ গাছ, জল বাঁচাও, পাখিদের নীড় ফেরানোর মতো নানা বার্তা। মঞ্চে পক্ষী বিশেষজ্ঞ সবুজ ধারা, পরিবেশকর্মী সুভ্রদীপ ঘোষ, ইতিহাস গবেষক ড. অর্ণব দত্ত প্রমুখ পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
পূজা কমিটির এবারের থিম “এবার পূজোর ভিড়ে বাবুই ফিরুক নীড়ে” দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে। প্রতিযোগীদের হাতে ফলের চারাগাছ বিতরণ করে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।
উলুবেড়িয়া ১ বিডিও অফিস ফলের গাছ এবং বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় ভেষজ গাছ দিয়ে সহায়তা করে। পূজা কমিটির সেক্রেটারি প্রদীপ কুমার সামন্ত জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হবে।








