নসিপুর নবারুণ সংঘের পুজোর উদ্বোধন, থিমে রোমের কলোসিয়াম
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
মুর্শিদাবাদ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নসিপুর নবারুণ সংঘের দুর্গোৎসব এবছর পদার্পণ করল ৫৬তম বর্ষে। দীর্ঘদিন ধরে চলে আসা এই পুজো প্রতিবারই অভিনব ও ঐতিহাসিক থিমের জন্য পরিচিত। এবছর তাঁদের পুজোর থিম রোমের বিখ্যাত কলোসিয়াম। বিশাল আকৃতির প্রাচীন স্থাপত্যের আদলে গড়ে ওঠা মণ্ডপ ইতিমধ্যেই শহরবাসীর নজর কেড়েছে।
শনিবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর চেয়ারম্যান সুরজিৎ বসাক, পুজো কমিটির সম্পাদক রাজিব সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, “নসিপুর নবারুণ সংঘ শুধু আনন্দের নয়, সমাজ ও সংস্কৃতির অন্যতম পরিচায়ক হয়ে উঠেছে। প্রতিবছর এখানে থিমে থাকে বৈচিত্র্য ও সৃজনশীলতার ছোঁয়া।”
এদিন এলাকার বহু মানুষ ভিড় জমান উদ্বোধন উপলক্ষে। আলো, রঙ, আর মনোরম সজ্জায় রোমের কলোসিয়ামের আদলে সাজানো এই মণ্ডপে উৎসবের আমেজে ভেসেছে নসিপুর এলাকা।







