উলুবেড়িয়ার উত্তর চক্র শিক্ষক অফিসে ‘নতুন আলো’-র ঝলক
অতসী মণ্ডল, নতুন পয়গাম:
উলুবেড়িয়া উত্তর চক্র শিক্ষক অফিসে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত দেওয়াল পত্রিকা ‘নতুন আলো’।
২৩ বছর ধরে ‘নতুন আলো’ শিক্ষার আলো, সৃজনশীলতার জোয়ার আর ভাবনার রঙ ছড়িয়ে আসছে।
দেওয়াল পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে মাননীয় বিডিও-সহ শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের লেখা স্থান পেয়েছে। উদ্বোধনী আসরে উপস্থিত ছিলেন বহু সম্মানীয় অতিথি—জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, শিক্ষা কর্মাধ্যক্ষ শুভ্রা দাস, উলুবেড়িয়া উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মণ্ডল, মৎস্য কর্মাধ্যক্ষ এবং অন্যান্য বিশিষ্টজন।
‘নতুন আলো’-র পাতায় যেমন প্রতিভা বিকশিত হয়, তেমনই এর মাধ্যমে তৈরি হয় একতার সেতুবন্ধন। তাই এদিনের অনুষ্ঠান কেবল একটি দেওয়াল পত্রিকার প্রকাশ নয়, বরং আগামী প্রজন্মের ভাবনা গড়ে তোলার এক অনুপ্রেরণার মঞ্চ হয়ে উঠল।








