শিক্ষক ও অধ্যাপক সংগঠন ভেঙে দিল তৃণমূল
নতুন পয়গাম, কলকাতা, ২৫ সেপ্টেম্বর:
রাজ্যের সমস্ত শিক্ষক ও অধ্যাপক সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস। পুজোর পর নতুন কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। তবে বিভিন্ন মহল থেকে এর বিভিন্ন রকম চর্চা ও ব্যাখ্যা শোনা যাচ্ছে। কেউ বলছেন, টেট উত্তীর্ণ না-হয়েই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকদের যে সুপ্রিম কোর্ট দু-বছরের মধ্যে সেই পরীক্ষায় পাশ করার নির্দেশ দিয়েছে, সেটারও ভূমিকা রয়েছে এই সিদ্ধান্তের পিছনে। কারণ, দলীয় সংগঠনের তরফে বিষয়টির গুরুত্ব রাজ্য সরকারকে অবহিত করা হয়নি বলে একাংশের দাবি। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি অশোক রুদ্রর তরফে বিষয়টি মুখ্যমন্ত্রী ও শিক্ষাদপ্তরে জানানো হয়।
এছাড়াও, শিক্ষক সংগঠন যে সদস্যপদ বাবদ ২০০ টাকা করে চাঁদা তুলেছে, তা নিয়েও সমস্যা দেখা দেওয়ায় কিছুটা প্রভাব পড়েছে বলেও শোনা যাচ্ছে। অধ্যাপকদের সংগঠন ‘ওয়েবকুপা’র মধ্যে নেতৃত্বের অন্তর্দ্বন্দ্ব বা রেষারেষির বিষয়টিও বহুল চর্চিত। উল্লেখ্য, দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড হওয়ায় ওয়েবকুপার সহ-সভাপতি মণিশংকর মণ্ডল তদানীন্তন সংগঠনের সভাপতি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে সোচ্চার হন। সব মিলিয়ে বলা যায়, বহুমুখী সমস্যা, সংকট ও সংঘাত থেকে বাঁচাতেই সব শিক্ষক ও অধ্যাপক সংগঠন আপাতত ভেঙে দিল ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনের আগে যাতে নতুন মুখ এনে সংগঠনগুলোর খোলনলচে বদলে পুরনো অভিযোগ ঝেড়ে ফেলা যায়, সেই কারণেই মমতা, অভিষেকদের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।








