মার্কিন শুল্কের জেরে পুতিনকে ফোন মোদির: ন্যাটো প্রধানের বিস্ফোরক দাবি
নতুন পয়গাম,নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর:
মার্কিন শুল্কবাণের জেরে ভারতের উপর অর্থনৈতিক চাপ পড়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এমনটাই দাবি করেছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। রুটের ভাষ্য অনুযায়ী, মোদি পুতিনকে ফোন করেছিলেন ইউক্রেন-রাশিয়া সংঘাতের পরবর্তী কৌশল সম্পর্কে বিস্তারিত জানার উদ্দেশ্যে।
রুট বলেন, “ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। কারণ, ভারত রাশিয়া থেকে তেল কিনছে। এই সিদ্ধান্তের বড়সড় প্রভাব পড়ছে রাশিয়ার ওপর।” ন্যাটো প্রধান আরও দাবি করেছেন, মোদি পুতিনকে ফোন করে রাশিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন, তবে ইউক্রেন নিয়ে রাশিয়ার পরবর্তী কৌশল কী হবে, সেই বিষয়ে জানার চেষ্টা করেছেন।
তবে এই বিস্ফোরক মন্তব্যের বিষয়ে নয়াদিল্লি বা ক্রেমলিনের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত কয়েক বছরে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক চড়াই-উতরাই অতিক্রম করেছে। মার্কিন শুল্কের ব্যাখ্যা অনুযায়ী, রাশিয়ার তেল কেনার কারণে ভারতকে শাস্তি দেওয়া হয়েছে। প্রথমে ২৫ শতাংশ, পরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।
তবে সম্প্রতি, এই তিক্ততার মধ্যেও, ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি আলোচনায় ইতিবাচক সুর লক্ষ্য করা গেছে। ডোনাল্ড ট্রাম্প মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যদি ভারতের কাছে রাশিয়ার আগ্রাসন পরিকল্পনার আগাম তথ্য থাকে, তবে তা বাণিজ্য আলোচনার সময় ব্যবহার করে মার্কিন শুল্কের চাপ থেকে রেহাই পাওয়া সম্ভব হতে পারে—তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটো প্রধানের এ মন্তব্য ভারত-রাশিয়া-আমেরিকা সম্পর্কের একটি সূক্ষ্ম ইঙ্গিত বহন করে। ভারত হয়তো ইউক্রেন সংকট ও রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে নিরপেক্ষ তথ্যচর্চা করতে চাচ্ছে, যা বাণিজ্য ও কূটনীতিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।








