ছাতা মাথায় প্রতিমাদর্শনে দর্শনার্থীরা, হঠাৎ প্রবল বর্ষণে চরম দুশ্চিন্তায় পুজো উদ্যোক্তারা
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
কলকাতার পর কি এবার ভাসবে উত্তরবঙ্গ? এই প্রশ্নেই উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গবাসী ও পুজো উদ্যোক্তাদের। বুধবার বিকেলের পর হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ডুয়ার্সের আকাশ। মুহূর্তের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ প্রবল বর্ষণ শুরু হলেও বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় প্রতিমাদর্শনে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা। মণ্ডপে মণ্ডপে তবুও জমে ওঠে ভিড়।
দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত। রাস্তাঘাট থেকে শুরু করে নিচু এলাকায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। সেই আঁচ এসে পৌঁছেছে উত্তরবঙ্গেও। হঠাৎ বৃষ্টিতে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। বাধ্য হয়ে বহু জায়গায় থামিয়ে রাখতে হয়েছে মণ্ডপ তৈরির কাজ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। বিশেষত দুপুর ও বিকেলের পর বজ্রঝড়সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। ডুয়ার্স এলাকায়ও বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পুজোর শুরুতেই এভাবে বৃষ্টি চলতে থাকলে উৎসবের আনন্দ মাটি হতে পারে—এমনটাই আশঙ্কা করছেন দর্শনার্থীরা। তাই প্রশ্ন উঠছে, কলকাতার পর কি এবার ভাসবে উত্তরবঙ্গও?







