চাঁচল-২ ব্লকে শুক্রবারি আবুল কাশেম হাই মাদ্রাসায় ছাত্রী আবাসের উদ্বোধন
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
মালদার চাঁচল-২ ব্লকের শুক্রবারি আবুল কাশেম হাই মাদ্রাসায় ৫০ শয্যাবিশিষ্ট ছাত্রী আবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আর্থিক সহযোগিতায় নির্মিত এই আবাসকে ঘিরে অভিভাবকদের মধ্যে আনন্দের স্রোত বয়ে গেছে। তাঁরা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বক্সি, চাঁচল-২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, মাদ্রাসার প্রশাসক আব্দুল হানিফ, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, সদস্য রেহেনা পারভিন, চাঁচল-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা, সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
মাদ্রাসার প্রধান শিক্ষক ড. ওবাইদুর রহমান বলেন, “পঞ্চাশ শয্যাবিশিষ্ট ছাত্রী আবাসের আনুষ্ঠানিক উদ্বোধন আজ সম্পন্ন হলো। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এ জন্য প্রায় এক কোটি দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে। ছাত্রীরা যেন পড়াশোনায় মন দিতে পারে, সেই মতোই আবাসটি গড়ে তোলা হয়েছে।”
মালদা জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিক মেঘা লামা শুভেচ্ছা বার্তায় জানান, “এই আবাস মূলত ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য নির্মিত হয়েছে। তারা এখানে থেকে পড়াশোনা করবে, তার জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে।”
চাঁচল-২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, “প্রত্যন্ত অঞ্চলের এই মাদ্রাসার ছাত্রী আবাস মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ বাড়াবে। তারা যেন ভালোভাবে এগিয়ে যায়, সেটাই কামনা করছি।”
মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক আব্দুল লাহিল মামুন জানান, “সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরকে মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জেলার প্রত্যন্ত এলাকায় এই ছাত্রী আবাস ছাত্রছাত্রীদের পড়াশোনার সহায়ক হবে।”







