কটূক্তি করা যাবে না মিঠুনকে, কুণালকে সাবধান করল হাইকোর্ট
নতুন পয়গাম, কলকাতা, ২৪ সেপ্টেম্বর:
অভিনেতা কাম বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে অপমানজনক কটূক্তি বা অবমাননাকর মন্তব্য করতে পারবেন না তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আগামী ৩ মাস কুণালকে মুখে লাগাম দিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। ডিসেম্বরে এই মামলার পরবর্তী শুনানি হবে।
বুধবার এ প্রসঙ্গে কুণাল বলেন, আমি এর বিন্দুবিসর্গ জানি না। তবে যেটুকু জেনেছি, তা সংবাদমাধ্যম থেকে। আদালত নাকি মিঠুন চক্রবর্তীকে কটূক্তি না করতে আমাকে মুখ বন্ধ রাখতে বলেছে। এক্সপার্টি অর্ডার হয়েছে। তাই কোর্টের কাগজ হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে আমি কিছু বলব না। একইসঙ্গে কুণাল বলেন, আমি মিঠুন চক্রবর্তীর নাম বলব না। কিন্তু পাঁচটা চিটফান্ড থেকে আয় কে করেছে। গ্রীষ্মকালে গরম জামা পরে কে ঘোরে। কারো নাম আমি বলব না। কার ছেলে ধর্ষণ এবং নারী নির্যাতনে অভিযুক্ত! অর্থাৎ হাইকোর্টের নির্দেশ মনে কুণাল এবার সংযত হবেন। কিন্তু মিঠুনের নাম উহ্য রেখে তিনি সত্যিকথা বলবেন বলে পরোক্ষে জানান কুণাল।








