সাগরদিঘীতে মুখোমুখি লরির সংঘর্ষ
ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ১, আশঙ্কাজনক ২
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সাগরদিঘীর ব্লকের সেখদিঘী ১২ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি দুটি লরির সংঘর্ষে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় গাড়িগুলিতে। আগুন ছড়িয়ে পড়তে থাকায় ঘটনাস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস সক্রিয় হন। তাঁর তৎপরতায় দমকল ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ চালানো হয়।
বর্তমানে ঘটনাস্থলে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।








