মুক্তিপুর আশুতোষ বিদ্যাপীঠের হীরক জয়ন্তীতে অনুব্রত মণ্ডল
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
২৩শে সেপ্টেম্বর, মঙ্গলবার রাজনগরের মুক্তিপুর আশুতোষ বিদ্যাপীঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী উৎসব। দীর্ঘ ৭৫ বছরের গৌরবময় পথচলার এই বিশেষ মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণ ভরে উঠেছিল শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষের উপস্থিতিতে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SRDA-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল ঘোষণা করেন, রাজনগরের তাঁতীপাড়া অঞ্চলের গোহালিয়ারা মোড় থেকে মুক্তিপুর গ্রাম পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি তিনি সংস্কার করিয়ে দেবেন। একইসাথে তিনি আশ্বাস দেন, মন্ত্রী পার্থ বসুর সঙ্গে আলোচনা করে বিদ্যালয়ের জন্য নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করে দেওয়া হবে। তাঁর এই প্রতিশ্রুতিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি জানান, বিদ্যালয়ের উন্নতিকল্পে তাঁর বিধায়ক তহবিল থেকে ২ লক্ষ টাকা প্রদান করেছেন। এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন অনুব্রত মণ্ডল।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী প্রয়াত বিদ্যুৎ ব্যানার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্তকর্মাধ্যক্ষ সুকুমার সাধু, বিডিও শুভাশিস চক্রবর্তী, বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সভাপতি সুদীপ ব্যানার্জী সহ বহু বিশিষ্টজনেরা।
হীরক জয়ন্তীর এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুধু বিদ্যালয়ের সাফল্যকেই উদযাপন করেনি, বরং আগামী দিনে উন্নয়নের নতুন দিশা দেখিয়েছে। রাস্তা সংস্কার ও শ্রেণিকক্ষ নির্মাণের মতো আশ্বাস এই অঞ্চলের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।







