কর্মসংস্থানে ইএমই একাডেমির নয়া উদ্যোগ
নতুন পয়গাম, কলকাতা,
২২ সেপ্টেম্বর: প্রতি বছর ৫ হাজার ছেলে-মেয়েকে কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ প্রদানের অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতার ইএমই একাডেমি। কাজের বাজারে অস্বাস্থ্যকর প্রতিযোগিতার আবহে শিক্ষার্থীদের উত্তরণের দিশা দেখানোর পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষিত বেকার ছেলে-মেয়ের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে ইএমই একাডেমি স্বল্প সময়ে রাজ্যের শিক্ষা-মানচিত্রে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। এর পেছনে রয়েছে এখানকার প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা।
ইএমই একাডেমির শিক্ষকরা একদিকে যেমন শিক্ষার্থীদের উত্তরণে প্রতিনিয়ত লক্ষ্য রাখেন, অন্যদিকে শিক্ষার্থীদের কীভাবে আরও কোয়ালিটি এডুকেশন প্রদান করা যায়, সে বিষয়ে নিয়মিত বোর্ড মিটিংয়ের আয়োজন করেন। শনিবার কলকাতার বিশ্ববাংলা গেট সংলগ্ন ফায়ারফিল্ড হোটেলে একাডেমির শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মেন্টর ও বোর্ড স্ট্র্যাটেজি কমিটির মিটিং হয়ে গেল। যেখানে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এবং উৎকর্ষ মানের শিক্ষা প্রদানের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন ইএমই একাডেমির চিফ অ্যাডভাইজার এবং ওয়েবেল-এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ মুখোপাধ্যায়, একাডেমির ডাইরেক্টর কাজী মহাসিন আজিম সুমন, সিইও সোহেল রানা, প্লেসমেন্ট সেলের প্রধান সওরাজ, ডিজিটাল মার্কেটিং সেকশনের প্রধান ইজাজ আহমেদ প্রমুখ।
এসএপি, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি ইত্যাদি কোর্সের প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা এদিনের সভায় আরও উন্নত মানের প্রশিক্ষণের কৌশল সম্পর্কে আলোচনা করেন। একাডেমির ডাইরেক্টর কাজী মহাসিন আজিম সুমন জানান, আজ বোর্ড মিটিংয়ের মাধ্যমে কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের আরো দক্ষ-যোগ্য এবং পারদর্শী করে তোলার পাশাপাশি কীভাবে দ্রুত প্লেসমেন্ট বা কাজের সুযোগ পাইয়ে দেওয়া যায়, সে ব্যাপারে আলোচনা হয়।
উল্লেখ্য, বাংলার শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের সাফল্যের সঙ্গে কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে চলেছে ইএমই একাডেমি। প্রতি বছর গড়ে ৫ হাজার ছেলে-মেয়ের প্রশিক্ষণের টার্গেট নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠান। ইতিমধ্যেই এই একাডেমি থেকে কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে বহু ছেলে-মেয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত রয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে।








