জিয়াউর রহমানের কাব্যগ্রন্থ উদ্বোধন
নতুন পয়গাম, বর্ধমান,
২২ সেপ্টেম্বর: বর্ধমানের জাগরী সভাগৃহে সোমবার প্রকাশিত হল মুহাম্মদ জিয়াউর রহমানের কাব্যগ্রন্থ ‘বিষণ্ণ ডানার পাখি’। উদ্বোধন করেন ইলা চন্দ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত দুই বাংলার জনপ্রিয় কবি ও কথাসাহিত্যিক রজতশুভ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি ও প্রাবন্ধিক রুদ্র কিংশুক। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সাহিত্যিক মৃণাল মোদক, নূর মহম্মদ এবং অন্যান্য প্রবীণ ও নবীন সাহিত্যিকগণ।
অনুষ্ঠানে রজতশুভ্র মজুমদার জিয়াউর রহমানের কবিতা নিয়ে নাতিদীর্ঘ আলোচনায় বলেন, কবির কবিতা বর্তমান সময়ের টানাপড়েন ও জীবনের বিষণ্ণতাকে এক ভিন্ন মাত্রায় উপস্থাপন করেছে। রুদ্র কিংশুক বলেন, এই কাব্যগ্রন্থে মানবজীবনের যে অভ্যন্তরীণ শূন্যতা ও সম্পর্কের সংকট ফুটে উঠেছে, তা পাঠকের মনে দাগ কাটবে। কবি জিয়াউর রহমান তাঁর সাহিত্যচর্চার অতীত ও বর্তমান প্রসঙ্গে বলতে গিয়ে জানান, তাঁর কবিতার প্রধান অনুপ্রেরণা আসে মানব জীবনের অভিজ্ঞতা, বেদনা এবং সম্পর্কের ভাঙা-গড়া থেকে।
‘বিষণ্ণ ডানার পাখি’ মূলত আধুনিক মানব জীবনের নানা সংকট ও অনুভূতির কাব্যিক দলিল। সম্পর্কের টানাপড়েন, একাকীত্ব, বিরহ, শূন্যতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয় এই কাব্যগ্রন্থের প্রধান বিষয়বস্তু। বইটি সমকালীন কাব্যচর্চায় এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়।








