ডিএ মামলা: সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিল রাজ্য
নতুন পয়গাম,
কলকাতা ও নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর:
বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিল রাজ্য সরকার। সোমবার এ বিষয়ো হলফনামাও জমা দেওয়া হয়। রাজ্যে র তরফে আইনজীবী ছিলেন কপিল সিব্বল। আগামী ৭ দিনের মধ্যে সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য জমা দেওয়া হবে আদালতে। তারপরই হবে রায় ঘোষণা।
৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। বলা যায়, দীর্ঘদিন ধরে চলা এই মামলায় একধাপ এগোল সুপ্রিম কোর্টের আইনি প্রক্রিয়া। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, শুনানিতে আদালত জানতে চেয়েছিলেন, কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজিউমার প্রাইস ইনডেক্স) মেনে ডিএ দেওয়া হয় না। লিখিত বক্তব্যে তারও উল্লেখ রয়েছে। প্রায় ১০টি রাজ্যে ওই সূচক মেনে ডিএ দেওয়া হয় না বলে আদালতে লিখিতভাবে জানিয়েছে রাজ্য সরকার।
কপিল সিব্বলের বিপক্ষে রয়েছেন মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ জানায়, এক সপ্তাহের মধ্যে মধ্যে পাল্টা বক্তব্য জমা দিতে হবে মামলাকারী পক্ষের আইনজীবীকে।
উল্লেখ্য, কেন্দ্র সরকারের সমান হারে রাজ্যকেও ডিএ দিতে হবে — এই দাবিতে শুরু হয় মামলা। রাজ্যের বক্তব্য, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, এটি কর্মীদের মৌলিক অধিকার নয়। উপরন্তু, কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো এক নয়, তাই কেন্দ্রের সঙ্গে তুলনা চলে না। অন্যদিকে কর্মচারীদের দাবি, ডিএ দেওয়া সরকারের নীতিগত দায়িত্ব। নির্দিষ্ট সময় অন্তর, বেতন কমিশনের সুপারিশ মেনে ডিএ দিতে হবে। প্রয়োজনে বকেয়া কিস্তিতে দিলেও চলবে। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি শেষ হয় ৮ সেপ্টেম্বর।








