মণিপুরে সেনা কনভয়ে হামলা নিহত ২ জওয়ান, আহত অন্তত ৬
নতুন পয়গাম,
ইম্ফল, ১৯ সেপ্টেম্বর: গত শনিবার মণিপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শান্তির বার্তা দিয়েছিলেন। তারপরই ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর। শুক্রবার সন্ধ্যায় অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা চালাল বন্দুকবাজের দল। এই অতর্কিত হামলায় নিহত হয়েছেন সেনা ২ জওয়ান। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ মণিপুরের বিষ্ণুপুর জেলার এই হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের দল।
অসম রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি টাটা-৪০৭ গাড়ি রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। মাঝপথে অতর্কিতে হামলা চালায় বন্দুকবাজরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জওয়ানের। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজে চিরুনি তল্লাশি চললেও এলাকা ছেড়ে জঙ্গলের দিকে চম্পট দেয় বন্দুকবাজরা।
নিহত জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি শাসনে থাকা মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। মর্মান্তিক হামলায় শহিদ পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। দেশরক্ষায় তাঁদের বীরত্ব ও নিষ্ঠা স্বীকৃতির দাবিদার বলে উল্লেখ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।








