বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে পিটিয়ে খুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য নদিয়ায়
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, নদিয়া:
নদিয়া জেলার নবদ্বীপে রাজনৈতিক সংঘর্ষের আবহে রক্তাক্ত ঘটনা। বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে বেধড়ক মারধরের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন যুবকের হাতে নৃশংসভাবে আক্রান্ত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, যাঁরা এই মারধর ও হত্যার সঙ্গে যুক্ত তাঁরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সঞ্জয় ভৌমিককে। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি, যদিও তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সঞ্জয় ভৌমিক। বাড়ির কাছেই কয়েকজন স্থানীয় যুবকের মধ্যে বচসা চলছিল। সঞ্জয় সেই অশান্তি থামানোর চেষ্টা করেন। অভিযোগ, তখনই ওই যুবকরা তাঁর উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে। কোনওমতে সঞ্জয় বাড়িতে ঢুকে পড়লেও সেখানেও ঢুকে তাঁকে মারধর করা হয় বলে দাবি পরিবারের। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
এখন সঞ্জয় ভৌমিকের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের আর বিজেপি নেতৃত্বের দাবি, এটি নিছক বচসা নয়, একেবারে রাজনৈতিক প্রতিহিংসা। অভিযোগের তীর সরাসরি শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র ড. সোমনাথ কর বলেন, “বিজেপির কর্মী সঞ্জয় ভৌমিকে রাস্তার উপরে পিটিয়ে মেরেছে তৃনমূল আশ্রিত দুষ্কৃতি গদাধর, তাপসেরা, এমনকি বাড়িতে গিয়ে মায়ের সামনে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। …. দুষ্কৃতিদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করতে হবে।”
ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







