ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ললিত মোদির ভাই
নতুন পয়গাম, নয়াদিল্লি,
১৯ সেপ্টেম্বর: ধর্ষণের অভিযোগে ললিত মোদির ভাই সমীর মোদিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। শুক্রবার দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, বিরাট আর্থিক দুর্নীতি ও প্রতারণার পর দেশ ছেড়ে পালিয়েছেন দাদা ললিত মোদি। আর তার কীর্তিমান ভাই গ্রেফতার হলেন ধর্ষণের অভিযোগে।
২০১৯ সালে নিজের অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ছিল সমীরের বিরুদ্ধে। এই ঘটনায় দিন পাঁচেক আগে এফআইআর করেন ওই মহিলা। তদন্তে নামে পুলিশ। শুক্রবার লন্ডন থেকে ফিরছিলেন সমীর। তাকে নিয়ে বিমান দিল্লি এয়ারপোর্টে নামতেই গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে এক দিনের পুলিশি হেফাজত হয়। আপাতত তাকে অভিযোগের ব্যাপারে জেরা করা হচ্ছে।
উল্লেখ্য, আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির ভাই সমীর ‘মোদি এন্টারপ্রাইজেস’-এর এক্সিকিউটিভ ডিরেক্টর। তাদের পারিবারিক ও ব্যবসায়িক সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা।








