বাদ গেল ৮০৮টি রাজনৈতিক দলের নাম
নতুন পয়গাম, নয়াদিল্লি,
১৯ সেপ্টেম্বর: যেসব রাজনৈতিক দলের নাম কেবল খাতায়-কলমে আছে। সরকারিভাবে নির্বাচন কমিশনের কাছে নথিভুক্ত থাকলেও এরা সাধারণত নির্বাচনে লড়াই করে না বা প্রার্থী দেয় না। গত ছ’বছরে তারা একটাও ভোটে লড়েনি। এছাড়াও এইসব ভুঁইফোড় দলগুলোর বিরুদ্ধে নানারকম অভিযোগ ছিল। কমিশনের নিয়মবিধি লংঘনেরও অভিযোগ ছিল। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দেশের ৮০৮টি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, সাধারণ মানুষের কাছে প্রায় অপরিচিত ৪৭৪টি রাজনৈতিক দলের নাম শুক্রবার বাদ দিয়েছে কমিশন। এর আগে গত আগস্ট মাসের প্রথমদিকে ৩৩৪টি দলকে বাদ দেওয়া হয়েছিল। এই মাসে বাদ পড়ল আরও ৪৭৪টি। ফলে দু’মাসে কমিশনের তালিকা থেকে ছাঁটাই হল মোট ৮০৮টি রাজনৈতিক দল। এতদিন দেশে মোট নথিভুক্ত রাজনৈতিক দলের সংখ্যা ছিল ২৫২০টি। এবার কেটেছেঁটে হল ২০৪৬টি। এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের খাতায় নথিভুক্ত রয়েছে ৬টি সর্বভারতীয় এবং রাজ্য বা আঞ্চলিক স্তরের ৬৭টি দল।








