‘দীঘার জগন্নাথ ধাম মন্দির’ এবার দেখা যাবে আজিমগঞ্জে
রহমতুল্লাহ, নতুন পয়গাম, আজিমগঞ্জ:
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জে দুর্গোৎসব মানেই নতুন চমক। প্রতি বছর অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের মুগ্ধ করে আসছে আজিমগঞ্জ ফ্রেন্ডস ইন্ডিয়ান ক্লাব। প্রেম মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরের পর এবছরের থিম—দীঘার জগন্নাথ ধাম মন্দির।
ইতিমধ্যেই থিম প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে। শহরজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যেভাবে জগন্নাথ ধাম মন্দির তৈরি করেছেন, আমরা সেই অনুপ্রেরণাতেই আজিমগঞ্জের দুর্গোৎসবে প্রতিবছর নতুন থিম আনছি। এবছরও তার ব্যতিক্রম নয়।”
ফ্রেন্ডস ইন্ডিয়ান ক্লাবের সদস্যা শিল্পা ঘোষ জানান, প্রায় তিন মাস ধরে চলছে এবারের থিমের প্রস্তুতি। জেলার অন্যতম বৃহৎ বাজেটে তৈরি হচ্ছে এই প্যান্ডেল। ক্লাব সদস্য বাপন ঘোষের কথায়, “নবমীর দিন বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় অভিনেত্রী পায়েল মিঠাই সরকার উপস্থিত থাকবেন।”
প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান আজিমগঞ্জ ফ্রেন্ডস ইন্ডিয়ান ক্লাবের দুর্গোৎসবে। এবছরও জগন্নাথ ধাম মন্দিরের আদলে প্যান্ডেল দেখতে শহরবাসীর মধ্যে প্রবল উচ্ছ্বাস। আজিমগঞ্জ যেন ধীরে ধীরে সাজছে ছোট্ট এক দীঘায়, আর শহরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবীর আগমনের সঙ্গে সেই অনন্য থিম দেখার জন্য।








