স্বাস্থ্য অবকাঠামো ও গঙ্গা-পদ্মা ভাঙন নিয়ে ডোমকলে সাংবাদিক বৈঠকে এসডিপিআই
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
ডোমকল বিধানসভায় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। এদিন উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম।
বৈঠকের মূল আলোচ্য ছিল ডোমকলের গড়াইমারী স্বাস্থ্যকেন্দ্র, যা স্থানীয়দের অভিযোগে কার্যত “ভূতুড়ে হাসপাতাল” হয়ে পড়েছে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও আধুনিক চিকিৎসা পরিষেবার অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক অবস্থা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন হাকিকুল ইসলাম।
তিনি জানান, সরকারি হাসপাতালে পরিকাঠামোগত ঘাটতি, চিকিৎসক-নার্সের সংকট এবং ওষুধের অভাবের ফলে রোগীরা বিপাকে পড়ছেন। পাশাপাশি, গঙ্গা ও পদ্মা নদীর ভাঙন সমস্যাকেও বিশেষভাবে তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, প্রতি বছর ভাঙনে বহু পরিবার উচ্ছেদ হলেও কোনও স্থায়ী সমাধান বা স্পষ্ট পুনর্বাসন নীতি নেই, ক্ষতিগ্রস্তরা পর্যাপ্ত সাহায্যও পাচ্ছেন না।
হাকিকুল ইসলামের অভিযোগ, রাজ্য ও কেন্দ্র—উভয় সরকারই এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলি নিয়ে উদাসীন। তিনি দাবি করেন, দ্রুত গড়াইমারী স্বাস্থ্যকেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করতে হবে এবং গঙ্গা-পদ্মা ভাঙন মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
সাংবাদিক বৈঠকের শেষে তিনি সাধারণ মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।







