ব্যাঙের পেটে সাপ!
অতসী মণ্ডল, নতুন পয়গাম, হাওড়া:
প্রকৃতির অদ্ভুত খেলা চোখ কপালে তুলল হাওড়ার বাগনানে। সাধারণত সাপ ব্যাঙকে খায়, কিন্তু এবার ঘটল উল্টোটা। বাগনান ব্লকের হাল্যান গ্রাম পঞ্চায়েতের ছয়ানি গুজরট গ্রামে পরিবেশকর্মী পলাশ প্রধানের চোখে পড়ল বিরল দৃশ্য—এক পূর্ণবয়স্ক সোনা ব্যাঙ মুখে নিয়েছে একটি হেলে (বাফ স্ট্রাইপড কিলব্যাক) সাপ। তিনি মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। ধীরে ধীরে ব্যাঙটি সাপটিকে পুরো গিলে ফেলে।
পরে ছবি ও ভিডিও পাঠানো হয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের কাছে। তাঁর বক্তব্য, ব্যাঙ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়—মশা-পোকামাকড় খেয়ে রোগ ছড়ানো নিয়ন্ত্রণ করে এবং ছোট সাপ খেয়ে সাপের সংখ্যাও নিয়ন্ত্রণে আনে। কিন্তু জলাভূমি ভরাট ও পুকুরপাড় বাঁধাইয়ের মতো মানবিক কর্মকাণ্ডে ব্যাঙের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, ফলে দ্রুত কমছে এদের সংখ্যা।
প্রকৃতির এই ব্যতিক্রমী দৃশ্য শুধু চমকপ্রদই নয়, মনে করিয়ে দেয়—প্রতিটি প্রাণীই পরিবেশের ভারসাম্যের অঙ্গ, আর ব্যাঙকে অবহেলা করলে তার প্রভাব শেষ পর্যন্ত মানুষের উপরেই পড়বে।







