মোদীর জন্মদিনে ‘বেকারত্ব দিবস’ পালন দেশের ২৩ শহরে বিজেপির সাফল্য প্রদর্শনী
নতুন পয়গাম,
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ‘বেকারত্ব দিবস’ পালন করল কংগ্রেস নেতা-কর্মীরা। তবে রাজনৈতিক সৌজন্য বজায় রেখে বুধবার রাহুল গান্ধী সকালেই টুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। কিন্তু কংগ্রেস-সহ বিরোধীরা মোদীর জন্মদিন ঘিরে কেন্দ্র সরকার তথা বিজেপির ‘ব্যক্তিপুজো’ নিয়েও প্রশ্ন তুলেছে। মোদীর জন্মদিনকে অরাজনৈতিক বলে রাজনৈতিক খোঁচা দিয়েছে বিজেপি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম দিবসকে স্মরণীয় করে রাখতে দেশের ২৩টি শহরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বিজেপি। সেই মতো বুধবার কলকাতার জাদুঘরে এই আয়োযজন করে গেরুয়া শিবির। এসব প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মোদি সরকারের ৭৫টা সাফল্য। কোভিডকালে মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার কীভাবে সঙ্কট মোকাবিলায় তৎপরতা দেখিয়েছিল, তা-ও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এই প্রদর্শনীতে। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এর উদ্বোধন করে বলেন, প্রধানমন্ত্রীর ৭৫ বছর পূর্ণ হল। তাই ৭৫ কৃতিত্বের প্রদর্শনী। প্রধানমন্ত্রীর কর্মময় জীবন নিয়ে প্রদর্শনী।
শমীক বলেন, আজকে কোনও রাজনৈতিক দিন নয়, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সাফল্যকে মানুষের সামনে তুলে ধরার দিন। কিন্তু তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস প্রশ্ন তুলেছে, সরকারি জায়গায় কেন ব্যক্তিপুজোর আয়োজন করা হবে? উল্লেখ্য, এই প্রদর্শনীতে মোদি সরকারের নানা সাফল্যের খতিয়ান এবং বড় বড় পদক্ষেপকে মাইলফলক হিসেবে তুলে ধরতে চেয়েছে বিজেপি।








