কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই বেতন
নতুন পয়গাম, কলকাতা, ১৬ সেপ্টেম্বর:
পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বিশ্বকর্মা ও রান্না পুজো চলছে। আর কয়েক দিন পর মহালয়া। তারপর চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে হবে দুর্গাপুরো। তার আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল নবান্ন। মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণায় জানা গিয়েছে, কেন্দ্রকে টেক্কা দিয়ে প্রতিবারের মতো এবারও পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন মিটিয়ে দেবে নবান্ন। মঙ্গলবার অর্থদপ্তর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, রাজ্য সরকারের সমস্ত বিভাগের কর্মচারীদের বেতন চলতি সেপ্টেম্বর মাসের ২৪-২৫ তারিখে দিয়ে দেওয়া হবে। অন্যান্য আনুষঙ্গিক ভাতাও দিয়ে দেওয়া হবে এক সপ্তাহের মধ্যে। আর চলতি মাসের পেনশন এবং জয় বাংলা, লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে পুজোর পরেই ১লা অক্টোবর।
স্টাইপেন্ড এবং সাম্মানিকের ক্ষেত্রেও একই ব্যবস্থা করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের সব অফিস ও সংস্থার কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। এক্ষেত্রে রাজ্য আরও দু-দিন আগে ব্যবস্থা করে টেক্কা দিল কেন্দ্রকে। উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর থেকে রাজ্যে দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে। এই ছুটি থাকবে ৮ অক্টোবর পর্যন্ত। তার আগেই বেতন-ভাতা মিটিয়ে দেওয়ার ঘোষণায় স্বস্তি পেল রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী।








